দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে শেষ না হওয়া পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এ নির্দেশনার কথা জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শনিবার সন্ধ্যায় মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির আয়োজনে সংসদ সদস্যের বাসভবনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি খোকন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তাঁদের নির্দেশ দিয়েছেন, যেন তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকেন। বিএনপি সব সময় তাঁদের পাশে রয়েছে। দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রতিটি বিভাগ নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি আরও বলেন, তারেক রহমান দেশের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। এর অন্যতম উদাহরণ ফ্যামিলি কার্ড। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালুর মূল লক্ষ্য তাঁদের স্বাবলম্বী করে তোলা। মা সুস্থ ও সবল থাকলে পরিবারও ভালো থাকে।
ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু প্রাণতোষ মণ্ডল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, কালকিনি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আতিকুর রহমান আজাদসহ স্থানীয় নেতারা।
এমএস/